ফিক্সিং কান্ডে আজীবনের জন্য দু’ভাই নিষিদ্ধ
ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের অপরাধে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন হংকং ক্রিকেট দলের দুই সদস্য ইরফান আহমেদ ও নাদিম আহমেদ। সম্পর্কে তারা ভাই।
এছাড়া পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের সতীর্থ হাসিব আমজাদকে।
গত ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইরফান ও নাদিম অন্তত ১২ বার ভঙ্গ করেছেন আইসিসির ম্যাচ ফিক্সিং বিষয়ক নীতিমালা। এর মধ্যে রয়েছে ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টির বাছাইপর্ব এবং ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টির মূল পর্বের ম্যাচও।
.png)
দুই বছর আগে অভিযোগ ওঠার পর আইসিসির পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল তিন ক্রিকেটারকে। পরে ২০১৮ সালের ৮ অক্টোবর প্রাথমিকভাবে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় এ তিন জনকে।

তবে এবার আজীবন নিষিদ্ধ হওয়ার ফলে দুই ভাই ইরফান ও নাদিমের সামনে ক্রিকেটের জন্য আর কোনো পথই খোলা থাকলো না।
অন্যদিকে পাঁচ বছরের শাস্তি পাওয়া আমজাদ ফিরতে পারবেন ২০২৩ সালে। তবে সে সম্ভাবনাও শূন্যের কোটায়। কেননা এরই মধ্যে জীবনের ৩১টি বসন্ত কাটিয়ে ফেলেছেন তিনি। ডানহাতি এ পেসারের মাঠে ফিরতে ফিরতে বয়স হয়ে যাবে ৩৫।
আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘এ তিন ক্রিকেটারের বিরুদ্ধে অনেকদিন ধরে তদন্ত চলছিল। নীতিগত কারণেই এ বিষয়টি সবার সামনে না এনে, ভেতরে ভেতরে সব কাজ করা হয়েছে। আহমেদ ভাইদের কাজগুলো সন্দেহজনক ছিলো। এছাড়া তাদের আচরণ ও কথাবার্তায় অন্য ক্রিকেটাররাও উৎসাহিত হতে পারে।’
তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টির বাছাই খেলায়। যেখানে স্কটল্যান্ড এবং কানাডার বিপক্ষে ম্যাচ দুইটিতে নির্দিষ্ট কিছু ওভারে ফিক্সিং করেছিলেন তারা। তবে এ দুই ম্যাচ হংকং জেতায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে স্পট ফিক্সিংয়ের মতো গর্হিত অপরাধ করায় ঠিকই বড় শাস্তি পেতে হলো ইরফান, আমজাদ, নাদিমদের।
২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টির ম্যাচসহ নাদিম ও আমজাদের বিপক্ষে অভিযোগ রয়েছে ৩টি। ওপেনার ইরফানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি। ফিক্সিংয়ের আলোচনা, ফিক্সিং করা, লবিং করাসহ মোট ৯টি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।
ডেইলি বাংলাদেশ/সালি